নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেট এলাকায় ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই গ্রামের সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি চা দোকানে বসেছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
এসময় স্থানীয় লোকজন অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: