- ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নতুন মাইলফলক, পরীক্ষামূলক উৎপাদন শুরু
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে
তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার তদন্তের স্বার্থে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর সোয়া ২টার দিকে পুলিশের গাড়িতে করে দ্বীপকে আদালতে নেওয়া হয়। পরে তাঁকে হাজতখানায় রাখা হয়।
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয়। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় নৌপুলিশ।
নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। দ্বীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় আরও তথ্য জানা যাবে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্তের দায়িত্ব পালন করবে নৌপুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁর ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার অন্তর্গত তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো খতিয়ে দেখছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।
পরে শুক্রবার দ্বীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। একই দিন রাতে তাঁকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর পেছনের ঘটনা জানার চেষ্টা করছে তদন্ত সংস্থা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: