মাহবুব তালুকদারের মৃত্যুতে ইসি’র শোক
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ আগস্ট) ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ইসি জানায়, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সাবেক এ নির্বাচন কমিশনার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি হতে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম আসাদুজ্জামান বলেন, মাহবুব তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুদিব নগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকুরীতে যোগ দেন।
তিনি বলেন, মাহবুব তালুকদার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাঁকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন। রাষ্ট্রপতি মুহম্মদুল্লাহর সময়ে তিনি তাঁর জনসংযোগ কর্মকর্তা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তাঁর সহকারী প্রেস সচিব (উপসচিব) এর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে কর্মরত থাকাবস্থায় মাহবুব তালুকদার অবসরে যান।
মাহবুব তালুকদার ঢাকা জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতাও করেছেন। মাহবুব তালুকদার একজন বিশিষ্ট সৃজনশীল লেখক। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা চল্লিশ। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: