মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু: জয়া
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা। নিরলসভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা। এ ঘটনায় শোকাগ্রস্ত গোটা দেশ। সামজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা-খবরে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের মনের অবস্থাও।
জয়া তার ফেসবুকে পেজে এ নিয়ে লেখেন, ‘সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।’
দমকল বাহিনীর ঝুঁকি নিয়ে কাজ করার কথাও তুলে ধরেন তিনি, ‘এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।’
এই অভিনেত্রী লেখেন, ‘আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: