ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ট্রাক, কাভার্ডভ্যান এবং পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার (৮ নভেম্বর) রাত ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মন্ত্রী মহোদয় কক্সবাজারে আছেন। তিনি সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। এরপর রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না। তারা ধর্মঘট চালিয়ে যাবেন। তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি। বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।
এর আগে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওইদিন রাত ১২টা থেকেই কার্যকরের নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে। পরদিন থেকেই ক্ষোভে ফেটে পড়েন দেশের মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনগুলোও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। ডিজেলের দাম বৃদ্ধি প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সারা দেশে ধর্মঘট শুরু পরিবহণ মালিক-শ্রমিকরা। এই পরিবহণ ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়েছে। তিন দিন ধরে পরিবহণে ধর্মঘটে জিম্মি রয়েছেন সাধারণ মানুষ। শিকার হচ্ছেন সীমাহীন দুর্ভোগের। তিন দিন পরে সরকারের সঙ্গে আজ (রোববার) বৈঠকে এ বিষয়ে সমাধান এলো। পরিবহণ মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: