তৈমূরের নির্বাচনী সমন্বয়ক রবি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক মনিরুল ইসলাম রবিকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
স্বতন্ত্র প্রার্থী তৈমূরের নির্বাচনী সমন্বয়ককে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আমরা একজন আসামিকে গ্রেপ্তার করেছি, যার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তার মধ্যে দুটি মামলায় তিনি জামিন নেননি। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
এসপি জানান, আসামি রবির বিরুদ্ধে ২০২১ সালের ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়। মামলা দুটির নম্বর যথাক্রমে ৩৩ ও ৩৪। ওই দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নাশকতার দায়ে ২০১৮ সালের ৬ ও ৭ নভেম্বর তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুটি মামলা হয়। ওই দুই মামলায় তার জামিন ছিল।
এদিকে মনিরুল ইসলাম রবির গ্রেপ্তার প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আমার নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি পোলিং এজেন্ট নিয়ে আমার জন্য কাজ করছিলেন। সেই পোলিং এজেন্টদের নামের তালিকাসহ তারা তাকে ধরে নিয়ে গেছে। এর আগেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে সাতজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: