হাঙ্গেরিতে নতুন দুইটি পারমাণবিক চুল্লি নির্মাণ করবে রাশিয়া
ইউরোপের দেশ হাঙ্গেরিতে নতুন দুইটি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া।
বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসএটম চুল্লি নির্মাণের কাজ শুরু করবে।
২০১৪ সালে পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণের উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে হাঙ্গেরির চুক্তি হয়। ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বর্তমানে হাঙ্গেরি নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ৪০ শতাংশ পেয়ে থাকে।
এক ফেসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো লেখেন, ‘নির্মাণ শুরু করা যাক!’
‘‘এটা অনেক বড় পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই পদ্ধতিতে আমরা দীর্ঘমেয়াদে হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবো এবং হাঙ্গেরিয়ানদের জ্বালানি দামের উগ্র পরিবর্তন থেকে রক্ষা করবো।’’।
২০৩০ সাল নাগাদ নতুন দুইটি চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এক হাজার ২৫০ কোটি ইউরোর এই প্রকল্পের বড় অংশের অর্থায়ন করবে রাশিয়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: