Friday 17 April, 2026

For Advertisement

চৈত্রের খরতাপ বাড়ছে, ১৮ জেলায় বইছে তাপপ্রবাহ

8 April, 2023 12:36:29

চৈত্র মাসের দুপুর বেলা- আগুন হাওয়া বয়/দস্যি ছেলে বেড়ায় ঘুরে- সকল পাড়াময়/রোদের আঁচে পুড়ছে মাটি- উড়ছে ধুলোবালি/চারিটি দিক করছে ঝাঁ ঝাঁ- আকাশ হলো কালি।

কবি বন্দে আলী মিয়ার কবিতার পঙক্তির মতোই স্বরূপে ফিরেছে বাংলা বর্ষপঞ্জির শেষ মাস চৈত্র। রোদে ফিরেছে আঁচ। ফলে বেড়েছে খরতাপ। কাঠফাটা যে গরম পড়তে শুরু করেছে, তা আরও বাড়বে। বয়ে চলা মৃদু তাপপ্রবাহ ১৮ জেলায় ছড়িয়ে পড়েছে বলে আবহাওয়ার খবর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের তীব্রতা এই সপ্তাহে কমার সম্ভাবনা নেই। বরং বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্র হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কোথাও কোথাও হালকা বাতাস বইলেও তাতে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। দেশের বেশির ভাগ এলাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনাও কম। কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তার স্থায়িত্ব হবে কম সময়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশে এপ্রিল মাসেই সবচেয়ে বেশি গরম পড়ে। এরই মধ্যে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিন চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ার কুমারখালী, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু; ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি আর ৪০ ডিগ্রি ছাড়ালে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

এদিকে শনিবারও দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৭০। অর্থাৎ এদিনও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore