Friday 31 July, 2026

For Advertisement

বুবলীকে আমি ‘ঘৃণা’ করি: অপু বিশ্বাস

26 October, 2023 11:15:27

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এছাড়া তাদের আরো একটি পরিচয় হচ্ছে তারা দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। তারা দু’জনই এ নায়কের সন্তানের মা। বিভিন্ন সময়েই এরা একে অন্যেকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। যা তাদের মধ্যেকার সম্পর্ককে দা-কুমড়’র পর্যায়ে নিয়ে গেছে।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করা বুবলীকে একদমই পছন্দ করেন না ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এর প্রমাণ ফের পাওয়া গেল সম্প্রতি তার এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন শাকিব খানের প্রথম স্ত্রী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ মন্তব্য করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে ঘৃণা করি আমি।

অপু বিশ্বাস বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

এ চিত্রনায়িকা আরও বলেন, ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।

অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।

এছাড়া বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে এ নায়িকা বলেন, আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট এবং দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore