Sunday 4 October, 2026

For Advertisement

আপাতত কেউ বসতে পারছেন না শিল্পী সমিতির সম্পাদক পদে

14 February, 2022 11:51:53

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতি অবস্থার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন সর্বোচ্চ আদালত।

এদিন আদালতে নায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান ও মুজিবুল হক ভুইয়া।

জায়েদ খানের পক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার আহসানুল হক ও নাহিদ সুলতানা যুথি।

আদেশের পর আইনজীবী আহসানুল করিম বলেন, ‘আগামীকাল হাইকোর্টে শুনানির দিন আছে। সেখানে শুনানি হবে।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতি অবস্থা জারি করেন। সোমবার আপিল বিভাগ ওই আদেশ বহাল রাখায় এ পদে আপাতত কেউ বসতে পারছেন না।

গত ৬ ফেব্রুয়ারি জায়েদ খান তার বিরুদ্ধে নেওয়া নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। সে দিনই শুনানি শেষে হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে চাওয়ার আদেশ দেন। একই সঙ্গে নিপুণের পদ স্থগিত করেন।

এছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের আপিল বোর্ডকে সেই রুলের জবাব দিতেও বলেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ড। পরের দিন বিকালে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথও নেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore