Monday 27 July, 2026

For Advertisement

সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা

10 April, 2025 1:19:31

সারা দেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা শুরুর পর সকাল সাড়ে ১০টায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার রাজধানীর মতিঝিলের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রথমদিন এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে । পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণ নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠানসংখ্যা ১৮ হাজার ৮৪টি।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore