For Advertisement
লন্ডনে বাংলায় স্টেশনের নাম
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোন স্টেশনের নাম বাংলায় লেখার ঘটনা ঘটেছে। দেশটির পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে।
দেশটিতে অবস্থানরত বাংলা ভাষাভাষীর দাবির পরিপ্রেক্ষিতে হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)।
স্টেশেনের বিভিন্ন প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি স্টেশনের প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লেখাও শোভা পাচ্ছে।
এ ঘটনায় উল্লাস প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। তাদের মতে, বহু ভাষাভাষীর এই লন্ডন স্টেশনে লাগানো বর্ণগুলো যুগ যুগ ধরে বাংলা ও বাঙালির শক্তি ও সামর্থ্যের জানান দেবে।
এক প্রতিক্রিয়ায় সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা বলেন,‘বাংলাদেশি অভিবাসনের ইতিহাসে এটি নিঃসন্দেহে বড় অর্জন। যারা বাংলা পড়তে পারেন না, তাদের কাছেও এই ভাষার শক্তি ও সামর্থে্যর কথা পৌঁছে যাবে।’
স্থানীয় শ্যাডওয়েল এলাকার বাসিন্দা আবদুল কাইয়ূম চৌধুরী স্টেশনে বাংলা লেখার দাবি জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডন মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলর কাছে চিঠি লেখেন।
এ ছাড়া, ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের (বিবিপিআই) প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আব্দাল উল্লাহ ও সাপ্তাহিক জনমতসহ অনেকেই এ নিয়ে দাবি তোলেন।
শুরুতে লন্ডন মেয়র অফিস ও টিএফএল বাজেটের অভাব দেখিয়ে দাবিটি নাকচ করে দেয়। কিন্তু মেয়র জন বিগস স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে এর খরচ বহন করার প্রস্তাব দিলে টিএফএল তাতে রাজি হয়। এতে খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
গত ১৭ ফেব্রুয়ারি টিএফএল আবদুল কাইয়ূম চৌধুরীর চিঠির জবাবে বাংলায় স্টেশনের নাম লেখার সিদ্ধান্ত জানিয়েছিল।
এক প্রতিক্রিয়ায় কাইয়ূম চৌধুরী বলেন,‘অনেক আগে থেকে ভারতীয় অধ্যুষিত সাউথহল স্টেশনের নামটি হিন্দিতে লেখা আছে, যা দেখে আমার মনে হতো, কেন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্টেশনের নাম বাংলায় থাকবে না। সে কারণেই আমি চিঠি লিখেছিলাম।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore