Friday 17 April, 2026

For Advertisement

অপপ্রচারের জবাব দিতে আ.লীগে টিম গঠন করা হবে: কাদের

26 January, 2023 7:34:16

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অপপ্রচার হচ্ছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য টিম গঠন করা হবে। তিনি বলেছেন, বিএনপির সাম্প্রদায়িক কায়দা, জঙ্গিবাদি কায়দার ও বিশৃঙ্খলতার কঠিন জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, নিজের লোক, আত্মীয়স্বজন দিয়ে কমিটি করা চলবে না। ত্যাগী, দুঃসময়ে যারা ছিল তাদের দিয়ে কমিটি করবেন। পদ না থাকলে কেউ সালামও দেবে না, মুখের দিকে চেয়ে নেতা বানাবেন না। পকেট বাণিজ্য করে স্বজনপ্রীতি করে কমিটি গঠন করা যাবে না। কমিটি গঠন করতে হবে নিবেদিতদের নিয়ে।বিএনপির আন্দোলনের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে। রাজপথ ছাড়া যাবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একমাত্র গঠনতন্ত্রের চর্চাকারী দল।

মন্ত্রী বলেন, বিএনপির অরাজকতা সৃষ্টি করার জন্য খালি মাঠ দেওয়া হবে না। তারা কখনই গণতন্ত্রের পথে চলে না। যাদের ঘরেই গণতন্ত্রের চর্চা নাই তারাই গণতন্ত্রের কথা বলে। তারা বিদেশিদের কাছে নালিশ করে। অথচ তারাই গণতন্ত্রহীন। আওয়ামী লীগ সরকার পচাত্তরের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করে আবারও পচাত্তর ঘটানোর হুমকি দেয় বিএনপি। বিএনপি দেশের ঐতিহাসিক দিবসগুলো বিশ্বাস করে না।

২১ বছর ধরে এদেশের গণতন্ত্র ছিল না দাবি করে তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে কোনও গণতন্ত্র ছিল না। ২০০১ সালের সরকার গণতন্ত্রের নামে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়েছিল। নির্বাচনে যেখানে বলেছিলেন আওয়ামী লীগের ভরাডুবি হবে, সেখানে তাদের ভরাডুবি হয়। গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া, ত্রুটিমুক্ত নির্বাচন আমরাও চাই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ভোট চুরির জন্য এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানাননি। শেখ হাসিনা গায়ের জোরে ইলেকশন কমিশন বানাননি। ইলেকশন কমিশন আইনের মাধ্যমেই গঠন করা হয়েছে। কত ভয়ঙ্কর নোংরামির রাজনীতি হলে একটি দলকে মৃত বলে প্রোপাগাণ্ডা ছড়ানো হয়। যারা জঙ্গিবাদের সমর্থন করে তারাই এসব গুজব ছড়ায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ ময়মনসিংহ বিভাগের সব সংসদ সদস্য ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore