Thursday 19 November, 2026

For Advertisement

ছিন্নমূল-ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র র‌্যাব দখল করে রেখেছে: মেয়র তাপস

25 May, 2022 10:57:43

ছিন্নমূল ও ভবঘুরেদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দখল করে রেখেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে নগরীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার তাপস বলেন, ছিন্নমূল ও ভবঘুরেদের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে। কিন্তু সেটা র‌্যাব দখল করে আছে। আমরা অনুরোধ করেছি সেটা ছেড়ে দিতে, কিন্তু এখনো তারা ছাড়েনি। এছাড়াও ভবঘুরে এবং ছিন্নমূলদের পুনর্বাসনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে গণশৌচাগার নির্মাণ করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ঢাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে যেসব জায়গায় গণপরিসর ও মানুষের আনাগোনা বেশি সেসব স্থানে যেন পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ করা হয়। সেই কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন, ৫০ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। পুরুষ ও নারী আলাদাভাবেই তা ব্যবহার করতে পারবে। এটি অত্যন্ত নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। আমাদের চলমান একটি প্রকল্প থেকে অর্থ সাশ্রয় করে আমরা এই কাজটি করেছি। সুতরাং অর্থের অপচয় রোধ করেই যেন সঠিকভাবে জনগণের কল্যাণ হয় সে দিকটা আমরা নজর দিয়েছি।

এর আগে ডিএসসিসির মেয়র নগরীর মতিঝিল এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে নগরীর ৭২ নম্বর ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ জন নারীর প্রত্যেকের মাঝে ১০ হাজার টাকা করে ৫ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ-সদস্য কাজী মনিরুল ইসলাম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore