Thursday 19 November, 2026

For Advertisement

ক্ষমতায় যেতে হলে বিএনপিকে কী করতে হবে জানালেন কৃষিমন্ত্রী

28 April, 2022 11:09:52

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, আপনাদের জনসমর্থন নেই। রাজনীতি ও গণতন্ত্রের নামে আন্দোলন করে, জ্বালাও-পোড়াও আর হরতাল করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে চাইলে আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। জনগণের সমর্থন না পেলে কোনো দিন ক্ষমতায় যেতে পারবেন না।

বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আপনারা জনগণের জন্য রাজনীতি ও গঠনমূলক সমালোচনা করেন। কিন্তু রাজনীতির নামে, আন্দোলনের নামে গাড়িতে আগুন দেবেন, মানুষকে পুড়িয়ে মারবেন, হরতাল করবেন, রেললাইন উপড়ে ফেলবেন, সেটি আমরা করতে দেব না। এটি গণতন্ত্র না, রাজনীতি না। আন্দোলন করে অতীতে আপনারা সফল হন নাই, ভবিষ্যতেও কখনও সফল হবেন না।

তিনি বলেন, বিএনপির আমলে দেশে সার পাওয়া যেত না। চালের দাম বেশি ছিল, মানুষ চাল কিনতে পারত না। প্রতি বছর উত্তরবঙ্গে মঙ্গা হতো, মানুষ ৩-৪ দিন পর্যন্ত না খেয়ে থাকত, না খেয়ে অনেক মানুষ মারাও যেত। সেখানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কৃষি উন্নয়ন ও ব্যাপক খাদ্য সহায়তার ফলে দেশে খাওয়ার কোনো কষ্ট নেই, মঙ্গা নেই; বরং সব মানুষ খাবার পায়। তার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষ্যে গরিব ও দুস্থ মানুষকে চাল দিচ্ছেন, যাতে করে কোনোক্রমেই একটি মানুষও যেন খাদ্যের কষ্ট না করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন, মানুষের কল্যাণে নিয়োজিত আছেন।

অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, পৌর মেয়র মনিরুজ্জামান বকলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore