Thursday 19 November, 2026

For Advertisement

ইলিয়াস আলীকে খুঁজে পেতে এখনও চেষ্টা চলছে: র‍্যাব

21 April, 2022 7:14:26

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে র‍্যাব সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পেতে র‍্যাব এখনো চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

চলতি মাসের ১৭ এপ্রিল সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ ইলিয়াস আলীর গুম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়, ইলিয়াস আলীর গুমে র‍্যাব সম্পৃক্ত ছিল। এ ঘটনায় সুনির্দিষ্টভাবে তিন কর্মকর্তার নামও প্রকাশ করে নেত্র নিউজ। র‍্যাবের সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে আজ রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে খন্দকার আল মঈনকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, নেত্র নিউজের যে খবরটির কথা আপনারা বলেছেন, সেখানে যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, র‍্যাব মনে করে এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

তিনি বলেন, দেখুন, র‍্যাব একটি সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের যত অভিযান, আমরা আইন মেনে পরিচালনা করি। এখানে যেসব তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমরা বলব— ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, ওনার স্ত্রী যখনই আমাদের কাছে এসেছেন, আমরা তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি। র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ইলিয়াস আলীর স্ত্রী যখন-যেখানে তার স্বামী বেঁচে থাকতে পারেন বলে সম্ভাবনার কথা জানিয়েছেন, তখনই র‍্যাব তাকে সহযোগিতা দিয়েছে। এখনও র‍্যাব তাকে সহযোগিতা করছে। কেউ কোনো তথ্য দিলে র‍্যাব এখনও সেখানে যাচ্ছে। কারণ এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরাও চেষ্টা করেছি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তারা নিখোঁজ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore