For Advertisement
দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বিতর্কিত মুরাদ
কোথাও ঠাঁই না পেয়ে অবশেষে দেশে ফিরছেন অশালীন ও কুরুচিপূর্ণ নানা বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান।
রবিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন সদ্য সাবেক হওয়া এই তথ্য প্রতিমন্ত্রী।
বিকাল পাঁচটা ৭ মিনিটে মুরাদকে বহনকারী এমিরেটরসের ইকে৫৮৬ বিমানটি রানওয়েতে অবতরণের কথা রয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক ওয়েবসাইট রাডার বক্স থেকে এমিরেটরসের ইকে৫৮৬ বিমানটির অবস্থান জানা গেছে।
ওয়েবসাইটির তথ্যমতে, বিকাল সাড়ে চারটায় বিমানটি ভারতের পশ্চিমবঙ্গের আকাশে রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনায় পড়েন ডা. মুরাদ। বিএনপির পক্ষ থেকে তার পদত্যাগের দাবি করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।
এর মধ্যে ঢাকাই চলচ্চিত্রের এক অভিনেত্রীর সঙ্গে অডিও কেলেঙ্কারি ফাঁসের পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও বাদ পড়েন।
তুমুল সমালোচনার মধ্যে গত সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সেখানে যাননি মুরাদ হাসান। তখন থেকে সচিবালয়েও অনুপস্থিত ছিলেন তিনি। এর মধ্যে সোমবার চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলে অবস্থান নিয়েছিলেন তিনি। রাত কাটানোর পর ফের ঢাকায় ফিরে আসেন।
প্রতিমন্ত্রীর পদ হারানোর পর মুরাদ গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে অনেকটা চুপিসারে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৮৫৮৫-এ তিনি প্রথমে দুবাই যান, এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেন। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)।
অভিবাসী বাংলাদেশিদের আপত্তির মুখেই কানাডার সরকার এমন সিদ্ধান্ত নেয় বলে দেশটির একটি বাংলা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ার পর এমিরেটসের আরেকটি ফ্লাইটে দুবাই আসেন। সেখানেও ঢুকতে ব্যর্থ হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন নানা বিষয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া মুরাদ হাসান।
রবিবার সকাল ৮টা ২০ মিনিটে তার ঢাকা পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট পরিবর্তন করে ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকায় আসার সিদ্ধান্ত নেন মুরাদ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore