Thursday 19 November, 2026

For Advertisement

খালেদাকে বিদেশ পাঠাতে বিএনপির আইনজীবীদের স্মারকলিপি, সময় নিলেন আইনমন্ত্রী

23 November, 2021 5:56:45

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এ বিষয়ে আলাপ-আলোচনা করে গুরুত্ব দিয়ে যতটুকু নেওয়া যায় সেই সিদ্ধান্ত সরকার নেবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিএনপিপন্থী আইনজীবী প্রতিনিধিদলের স্মারকলিপি গ্রহণের পর তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। দুপুর ১টা ৫০ মিনিটে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধিদলটি। এ সময় তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে মন্ত্রীকে স্মারকলিপি দেন।

আইনমন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, ‘আমি স্মারকলিপি নিলাম। আমাকে একটু সময় দিতে হবে। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করব।’

বেগম জিয়ার বিষয়ে একটা ফাইল তার হাতে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা আসবেন বলে আমি ফাইলটি ডিসপোজ করিনি। নিশ্চয়ই আমরা এই দিকটা দেখব। আমি আলাপ-আলোচনা করি, পরীক্ষা-নিরীক্ষা করি। গুরুত্ব দিয়ে যতটুকু সিদ্ধান্ত নেয়া যায়, আমরা সেভাবেই সিদ্ধান্ত নেব।’

আনিসুল হক বলেন, ‘আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়, তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন, সেটা মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তখন কিন্তু কোনো দাবি তুলতে হয়নি, প্রধানমন্ত্রী নিজেই করেছেন।’

সরকারের মানবিকতার কমতি নেই জানিয়ে আ্ইনমন্ত্রী বলেন, ‘আমরা মানবিকতা দেখাতে জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানবিকতা দেখাতে জানেন।’

বিএনপির নেতাদের ৪০১ ধারা উত্থাপনের উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমি এখন ৪০১ ধারার আলোচনায় যেতে চাই না। আমাদের স্বাভাবিক আইনে মতপার্থক্য থাকবে। আপনারা যে ৪০১ ধারা-উপধারার কথা বলেছেন, সেখানে আপনারা বলেছেন, কোথাও বিদেশ যাওয়া যাবে না কথাটি বলা নেই। সেখানে বিদেশ যাওয়ার বিষয়ে বলা না থাকলেও একটা কথা বলা আছে। সেটা হলো, শর্তযুক্ত বা শর্তমুক্ত।’

আইনজীবী প্রতিনিধিদলে ছিলেন ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবদিন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, বদরুদ্দোজা চৌধুরী, রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, আবেদ রাজা প্রমুখ।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। এ দাবিতে মানববন্ধন, গণঅনশন, বিএনপির এমপিদের পদত্যাগের হুমকিরসহ নানান কর্মসূচি পালন করেছে দলটি। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore