Sunday 23 August, 2026

For Advertisement

বিএনপি’র বর্ণচোরা রাজনীতির মুখোশ উন্মোচিত : সেতুমন্ত্রী

15 November, 2021 5:20:02

ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে তারা। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপি’রই মজ্জাগত দোষ।

ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “বিএনপির দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই।”সরকার এবং দেশের যে কোন ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ উল্লেখ করে তিনি বলেন, “তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।”

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মুখে আন্দোলনের কথা গত একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে উঠার অংকের মতই।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশ বলেন, “মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি।”

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে।”

সাধারণ মানুষ আতংকে নেই বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতংকে আছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।”
সূত্র : বাসস

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore