Thursday 19 November, 2026

For Advertisement

সকালের স্নিগ্ধ আলোয় সন্ধ্যার অন্ধকার দেখে বিএনপি: কাদের

1 November, 2021 12:53:05

বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় সন্ধ্যার অন্ধকার দেখেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) এতটাই একচোখা যে-গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি।’

রবিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তাদের কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি নেই। জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে দলটি।

সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন কথা সর্বস্ব এবং ভার্চুয়াল। বিএনপির এসব কর্মসূচির সঙ্গে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।

ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী।

ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা বলেছেন চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়,- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বলেন নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পায়, তারা দেশের ভালো কিছু দেখতে পায় না।

কাদের বলেন, ‘একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা- সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়। বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে মুসলিম লীগের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।

দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে পরিবর্তন চায়, পরিবর্তন চায় বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক,- এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত ও সাংবিধানিক পথে আসুক।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore