Monday 7 September, 2026

For Advertisement

এবার মেয়র পদ থেকে বরখাস্ত জাহাঙ্গীর

25 November, 2021 4:48:47

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির দায়ে আওয়ামী লীগের পদ হারানো গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে জমি দখলসহ নানান অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জমি দখলসহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনে তিনজন প্যানেল মেয়র নিয়োগের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। তারা হলেন আসাদুর রহমান কিরণ, আব্দুল আলিম মোল্লা ও আয়েশা আক্তার।

গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজীবনের জন্য সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। একইসঙ্গে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়।

বৃহস্পতিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আতাউল্লাহ মণ্ডলকে দিয়েছে আওয়ামী লীগ।

কয়েক মাস আগে জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করা হয়। এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ উঠে। সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

জাহাঙ্গীর আলম ২০১৮ সালে গাজীপুরের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি মেয়র পদে মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়নি দল। এর আগে তিনি গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore