For Advertisement
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৩
দেশে করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ১৮০।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭.৪৩ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ২০৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন। রংপুর বিভাগে গত এক দিনে করোনায় কেউ মারা যায়নি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। তবে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তবে ডিসেম্বরের শেষ থেকে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। অতি সংক্রামক ধরন ওমিক্রনের কারণে শনাক্তের হার দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুরুতে মৃত্যু কম থাকলেও দিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore