Thursday 19 November, 2026

For Advertisement

মুজিববর্ষের কনসার্টে যোগ দিতে ঢাকায় এ আর রহমান

28 March, 2022 6:53:05

স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে যোগ দিতে ঢাকা এসেছেন ভারতের কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব এ আর রহমান। সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

মঙ্গলবার রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুজিববর্ষের এই কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান পরিবেশন করবেন অস্কার জয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান।

ইতোমধ্যে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন এক হাজার টাকা। সেখানে এ আর রহমান ছাড়াও পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ এবং বিখ্যাত ব্যান্ড ‘মাইলস’।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মমতাজ ও ‘মাইলস’ থাকছেন এ আর রহমানের কনসার্টে। প্রথম পর্বে পারফর্শ করবেন মমতাজ ও ‘মাইলস’ ব্যান্ড। মূল আকর্ষণ হিসেবে দ্বিতীয় পর্বে মঞ্চ মাতাবেন এ আর রহমান।’

মমতাজ ও ‘মাইলস’-এর কারণে তো বটেই, বিশেষ করে অস্কার জয়ী এ আর রহমানের জন্য তুঙ্গে উঠেছে মঙ্গলবারের অনুষ্ঠানের টিকিটের চাহিদা। দাবি উঠেছে, সবার জন্য অনুষ্ঠানটি টেলিভিশনে দেখানো হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে বিশেষ সূত্রে খবর, জনমতের চাপে কোনো না কোনো চ্যানেলে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার হবে।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। শুরুতেই ২০২০ সালের মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে ‘মুজিব হান্ড্রেড কাপ’-এর দুটি টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে এ আর রহমানের অনুষ্ঠানটি হ‌ওয়ার কথা ছিল।

কিন্তু করোনাভাইরাসের অতি সংক্রমণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুষ্ঠানটি করতে পারেনি গত বছর। শেষ পর্যন্ত ক্রিকেট ম্যাচ দুটি না হলেও ২৯ মার্চ, মঙ্গলবার সংগীতানুষ্ঠানটি হচ্ছে। প্রায় ১৫ হাজার দর্শক হাজির হতে পারবেন এই অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore