Friday 17 April, 2026

For Advertisement

প্রধান নির্বাচন কমিশনারের ষড়যন্ত্রে হেরেছি: নিপুণ

30 January, 2022 6:14:17

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান মিলে ‘একটা গ্যাং’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুণ। তারা মিলে ষড়যন্ত্র করেছেন বলেও অভিযোগ করেন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হওয়া এই শিল্পী।

রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে নিপুণ এসব অভিযোগ তুলেন।

নিপুণ বলেন, ‘পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং। পীরজাদা হারুন একজন সরকারি চাকরিজীবী। আমি বলব, তিনি যে চাকরি করেন, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।’

অভিনেত্রী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও জায়েদ খানরা মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি জীবনের নিরাপত্তা নিয়ে থানায় জিডি করেছি।’

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে মিশা-জায়েদ পরিষদ। জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন, এমন অভিযোগ তুলে নিপুণ বলেন, ‘নিয়ম-কানুন কি শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্য ছিল? মিশা-জায়েদ পরিষদের জন্য ছিল না? আমরা ব্যারিকেড দিয়ে ভেতরে অবস্থান নিয়েছিলাম, কিন্তু জায়েদ খান সেই ব্যারিকেডের ভেতরে আসেননি কেন? তিনি কেন ব্যারিকেডের বাইরে গিয়ে টাকা দিয়ে ভোট কিনলেন?’

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনঃগণনার জন্য আপিল করেন নিপুণ। কিন্তু সেখানেও একই ফলাফল আসে।

নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন জায়েদ খান। নিপুণ পান ১৬৩ ভোট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore