Sunday 1 November, 2026

For Advertisement

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা

31 October, 2026 10:15:36

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়া সাপেক্ষে এ সময়সূচি চূড়ান্ত করা হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সম্পূরক পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে।

১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম।

সব প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ফল প্রকাশের পরই সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও চূড়ান্ত সময়সূচি সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore