Wednesday 24 June, 2026

For Advertisement

আয়কর রিটার্ন দাখিলে সময় বাড়লো আরও এক মাস

28 December, 2025 6:07:32

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তখন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও এক মাস সময় বাড়ানোয় রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে, সরকারের পুর্বানুক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের ২০২৫-২৬ কর্বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩০ নভেম্বর, ২০২৫ এর পরিবর্তে ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখ নির্ধারণ করলো।

এনবিআর সূত্র অনুযায়ী, চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট ২০২৫ সালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ বছর বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। যারা এই বাধ্যবাধকতার বাইরে তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানায়, বিদেশে থাকা করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd-এ আবেদন করলে তাদের ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠানো হচ্ছে। কেবল আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিলেই কোনো কাগজপত্র ছাড়াই তাৎক্ষণিক স্বীকৃতি স্লিপ এবং আয়কর সনদ পাওয়া যাচ্ছে। ফলে দেশে ও বিদেশে করদাতাদের মধ্যে ই-রিটার্ন ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য এনবিআর কল সেন্টার, ওয়েবসাইট এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু রয়েছে, যেখান থেকে করদাতারা দ্রুত সেবা পাচ্ছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore