Wednesday 28 October, 2026

For Advertisement

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন মারা গেছেন

25 December, 2021 4:45:13

একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি রিয়াজউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।

নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে ১৯৪৫ সালের ৩০ নভেম্বর রিয়াজউদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন।

কিছু দিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন।

রিয়াজউদ্দিন আহমেদের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- সত্যের সন্ধানে প্রতিদিন, আরব্য রজনী, পারস্য রজনী।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore