Monday 17 August, 2026

For Advertisement

মার্চে মুক্তি পেতে পারে বঙ্গবন্ধু বায়োপিক

6 December, 2021 8:38:15

বঙ্গবন্ধু বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ২০২২ সালের মার্চ মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবার সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সেমাবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসিতে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক এ চলচ্চিত্র নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণকালে সাংবাদিকদেরকে তিনি একথা জানান।

বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, তথ্য কমিশনার ড. আবদুল মালেক, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিকের চিত্রনাট্যকার অতুল তেওয়ারি, কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা এসময় উপস্থিত ছিলেন। তাদের সাথে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, ঢাকায় ফাইনাল রাউন্ডের শুটিং এর কাজ চলছে। এরপর মুম্বাইতে পোস্টপ্রোডাকশনের কিছু কাজ হবে। আমি মুভির পরিচালক শ্যাম বেনেগাল এবং তার টিমের সাথে কথা বলেছি। তারা ঢাকায় শুটিংয়ের কাজে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এখানে সিডিউল মতো কাজ করতে পারছেন, যে সমস্ত সহযোগিতা দরকার তা পাচ্ছেন। আগামী বছরের মার্চে এটি রিলিজ করতে পারবেন বলে তারা আশা করছেন।’

বঙ্গবন্ধু মুভি আরো একবছর আগে রিলিজ করার পরিকল্পনা ছিলো কিন্তু করোনার কারণে হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের মার্চে ছবিটি মুক্তি পেতে পারে।

ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু বায়োপিক একটি মাইলস্টোন মুভি হবে বলে আশাপ্রকাশ করে ড. হাছান বলেন, শুধু নতুন প্রজন্ম নয়, বঙ্গবন্ধুর অনেক বিষয় আমরা নিজেরাও পড়েছি, কিন্তু ছবিতে দেখা আর পড়ার মধ্যে অনেক পার্থক্য। সুতরাং এ ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর সংগ্রাম, ত্যাগ, স্বপ্ন, স্বপ্নের বাস্তবায়নগুলো মানুষ বাস্তবরূপে দেখতে পাবে। আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, নতুন প্রজন্মকে ইতিহাসের ঠিক তথ্য জানানোর ক্ষেত্রে চলচ্চিত্রটি বিরাট ভূমিকা রাখবে বলে মনে করি।’

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি স্পটে দৃশ্য ধারণ করা হয়েছে সিনেমাটির।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ আর শেখ হাসিনার ভূমিকায় নুসরাত ফারিয়া। এ ছাড়া অভিনয় করছেন তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore