Monday 17 August, 2026

For Advertisement

বনানী কবরস্থানে সমাহিত অভিনেতা ইনামুল হক

12 October, 2021 5:42:47

ছোটপর্দা ও মঞ্চের খ্যাতিমান অভিনেতা এবং শিক্ষক ড. ইনামুল হককে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে তাকে সেখানে দাফন করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছোট জামাই অভিনেতা ও সঞ্চালক সাজু খাদেম।

ইনামুল হককে দাফনের সময় সেখানে তার দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক এবং বড় জামাই অভিনেতা লিটু আনামও উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত অভিনেতা ইনামুল হককে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনগণ। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, অভিনেত্রী শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, মীর সাব্বির, নির্মাতা অরণ্য আনোয়ার এবং ইনামুল হকের দীর্ঘদিনের বন্ধু প্রবীণ অভিনেতা আবুল হায়াতসহ অনেকে।

বর্ষীয়ান অভিনেতা ড. ইনামুল হক সোমবার সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর বেলা তিনটার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরের মটবী এলাকায় জন্মগ্রহণ করে ড. ইনামুল হক। পড়াশোনা করেছেন ফেনীর পাইলট হাই স্কুলে। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি। এছাড়া তিনি মানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা করেছেন ইনামুল হক। এর মধ্যে তিনি ১৫ বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং দুই বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের দায়িত্ব পালন করেন।

প্রবীণ এই অভিনেতার অভিনয়ে হাতেখড়ি নটরডেম কলেজে পড়াকালীন সময়ে। ওই সময় ফাদার গাঙ্গুলীর নির্দেশনায় তিনি ‘ভাড়াটে চাই’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৬৮ সালে বুয়েট ক্যাম্পাসেই ‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এর যাত্রা শুরু হয়। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এর হয়ে প্রথম তিনি মঞ্চে অভিনয় করেন। নাটকটি ছিল আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’। এরপর এই দলের হয়ে ‘দেওয়ান গাজীর কিসসা’ ও ‘নূরুল দীনের সারা জীবন’সহ আরো বহু নাটকে তিনি অভিনয় করেন।

১৯৯৫ সালের এই দল থেকে বের হয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্যাঙ্গন’। ছোটপর্দায় বহু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে ড. ইনামুল হককে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore