Tuesday 26 May, 2026

For Advertisement

চট্টগ্রাম থেকে ফেনীর কারাগারে বাবুল আক্তার

29 May, 2021 8:02:23

স্ত্রী হত্যা মামলায় বাদী থেকে আসামি বনে যাওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে ফেনীর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার সকালে তাকে ফেনীতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।

২০১৬ সালের ৫ জুন সকালের ওই হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন বাবুল আক্তার নিজেই।

প্রথমদিকে মিতুর বাবা পুলিশের সাবেক পরিদর্শক মোশারফ হোসেন জামাতার পক্ষে কথা বললেও পরে জামাতার দিকে সন্দেহের আঙুল তোলেন।

এদিকে আদালতের আদেশে পরে মিতু হত্যা মামলা পাওয়ার পর চলতি বছরের ১২ মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মিতু হত্যার সঙ্গে তার স্বামী বাবুল আক্তারের ‘সম্পৃক্ততার প্রমাণ’ পাওয়া গেছে।

ঢাকায় ওই সংবাদ সম্মেলনের পরপরই চট্টগ্রামের পাঁচলাইশ থানায় যান মিতুর বাবা মোশাররফ হোসেন। বাবুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।

বাবুল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- তার ‘সোর্স’ কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ভোলা, মুছার ভাই সাইদুল আলম শিকদার ওরফে শাক্কু, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, শাহজাহান ও খায়রুল ইসলাম কালু।

বাবুলকে গ্রেপ্তার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ড শেষে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেননি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore