Wednesday 25 November, 2026

For Advertisement

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মী নিহত

25 November, 2026 5:34:33

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার একটি ঘাসের জমির পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে।

স্থানীয়রা জানান, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও দলটির সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে আহত অবস্থায় পালিয়ে যাওয়া অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌকা এলাকার একটি ঘাসের জমির পাশে বসে টমাসসহ কয়েকজন যুবক ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে দুই হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই টমাস মারা যান। বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা অন্য তিন যুবক আহত অবস্থায় পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মরদেহ উদ্ধার করে ও সেখান থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, চৌকা এলাকায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস মারা যান। তার সঙ্গে থাকা বাকি তিনজন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে, যা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।তিনি আরো জানান, নাশকতার উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে তারা ককটেল তৈরি করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore