Saturday 3 October, 2026

For Advertisement

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল

7 May, 2026 5:40:15

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং মাঠের ভেতরে বসে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ মুফতি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুফতি আমির হামজা পুলিশ সদস্যদের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে, ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’ তবে স্ট্যাটাসটির নিচে ‘এডমিন’ উল্লেখ ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কলেজে যান। সেখানে তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপরত অবস্থায় দেখতে পান। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ওসি বলেন, “মুফতি আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে পুলিশের সঙ্গেই বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।”

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore