For Advertisement
নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলায় ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে বড় বোনের অসুস্থ মেয়েকে দেখতে শাহনাজ আক্তার টুম্পার বাড়িতে যান বলি। সেখান থেকে বাড়ি ফেরার পথে মান্দার বাড়ির দরজায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫–২০ জন কিশোর গ্যাং সদস্য তার চলন্ত সিএনজি অটোরিকশায় হামলা চালায়।
গ্যাং সদস্যরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে সিএনজি থেকে পড়ে গেলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, পুরোনো শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে বলিকে হত্যা করা হয়েছে।
এদিকে চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব দাবি করেন, সোমবার সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাজারে যাচ্ছিল। পথে মনতাজ স্যারের বাড়ির সামনে বলি ও তার সহযোগীরা মিজানুরকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বলিকে গণপিটুনি দেয়, পরে তিনি মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং বলির আড্ডা খানায় হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিহত বলির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫–৭টি মামলা রয়েছে। এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জনঅসন্তোষ ছিল। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore