Thursday 19 November, 2026

For Advertisement

বিএনপির সমাবেশ: এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

26 November, 2022 11:12:53

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এই কর্মসূচির আগ মুহূর্তে এবার রাজশাহীতেও ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। সড়ক পরিবহন আইন সংশোধন ও থ্রি হুইলার চলাচল বন্ধসহ ১১ দফা দাবি আদায়ের কথা বলে ১ ডিসেম্বর থেকে পুরো বিভাগে এ ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

নাটোর শহরের একটি রেস্তোরাঁয় শনিবার সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিকদের এক যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এদিকে রাজশাহীতে বিভাগীয় গণমহাসমাবেশের জোর প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ৩ ডিসেম্বর বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই গণমহাসমাবেশ আয়োজন করতে চায় তারা। এ নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতিও মিলেছে বলে জানিয়েছেন বিএনপি। তবে মহানগর পুলিশ বলছে তারা এখনও অনুমতি দেয়নি।

শনিবার পরিবহন মালিক শ্রমিকদের সভায় অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জু বিপ্লব, সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাটোর জেলা বাস মালিক সমিতি সভাপতি লক্ষণ পোদ্দার, সাধারণ সম্পাদক মুজিবর রহমানসহ আট জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

সভায় সাফকাত মঞ্জু বিপ্লব বলেন, ‘বিএনপির সমাবেশ ঠেকাতে নয়, পরিবহন মালিক শ্রমিকরা তাদের নায্য দাবির স্বপক্ষে কর্মসূচি ঘোষণা করেছে।’

এর আগেও বিএনপির একাধিক বিভাগীয় গণসমাবেশ ঘিরে ‘মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধসহ’ নানা দাবি আদায়ের কথা বলে গণপরিবহন বন্ধ রাখা হয়। বাসের সঙ্গে কোথাও কোথাও নৌযান চলাচলও বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা। তবে বিএনপি বলছে, এসব নানা অজুহাত দেখিয়ে বিএনপির গণসমাবেশ ঠেকাতে ক্ষমতাসীন দলে প্ররোচনায় এসব ধর্মঘট ডাকা হচ্ছে।

রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকদের দাবিগুলো হলো- হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার (নসিমন, করিমন, সিএনজি) পরিচালনা করা, জ্বালানি তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হ্রাস, সকল প্রকার সরকারি পাওনাদির (ট্যাক্স, টোকেন, ফিটনেস) আস্বাভাবিক হার বৃদ্ধি হ্রাস, চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসন,পরিবহনের যাবতীয় কাগজপত্র সঠিক থাকার পরে পুলিশের নানাবিধ হয়রানি বন্ধ, উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস পরিচালনা করা, মহাসড়কে হাট-বাজার পরিচালনা বন্ধ, যাত্রী ওঠা নামার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore