Thursday 19 November, 2026

For Advertisement

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

18 October, 2022 11:21:40

লক্ষ্মীপুরের রায়পুরে বাসার দরজার তালা ভেঙে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাকচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আবু ছিদ্দিক (৭৪) ও আতরের নেছা (৬৬)।

পুলিশের ধারণা, এ দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ৪-৫ দিন আগে ঘটনাটি ঘটতে পারে।

বাসায় জিনিসপত্র এলোমেলো থাকলেও কোনো কিছু লুট হয়েছে কিনা তা বলতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানান, নিহত ছিদ্দিক আবুধাবি প্রবাসী ছিলেন। ১৬ বছর আগে দেশে আসেন তিনি। তাদের কোনো সন্তান নেই। ৬-৭ মাস বয়সের এক শিশুকে দত্তক নিয়ে নিজেদের সন্তান পরিচয় দিয়ে লালন-পালন করেন এ দম্পতি। তার নাম আবদুর রহিম শামছু।

এলাকাবাসী আরও জানান, শামছুকে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বিয়ে দেওয়া হয়। কিন্তু ১৫ বছর ধরে সেই ছেলে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকছেন না। শামছু তার শ্বশুরবাড়ি বসবাস করছেন। আর ছিদ্দিক তার স্ত্রীকে নিয়ে থাকতেন শাকচরে।

নিহত ছিদ্দিকের ভাই আবদুল করিম ও ভাতিজা জাকির হোসেন জানান, ছয় দিন আগে তেরবেকি এলাকার দেবর কালামের বাড়ি যান আতরের নেছা। এর পর থেকেই ছিদ্দিক ও তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সম্প্রতি ছিদ্দিক ও তার ভাই আবদুল করিম, আবুল কালামসহ স্বজনরা এক ব্যক্তির কাছে তাদের কয়েক শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু তা রেজিস্ট্রি দেওয়া হয়নি। এ জন্য ছিদ্দিকের এনআইডি কার্ড নিতে ওই বাসায় যান স্বজনরা। প্রথমে গেট তালাবদ্ধ দেখলেও পরে পচা গন্ধ ভেসে আসায় স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে খাটের ওপর অর্ধগলিত দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের গলায় কাপড় বাঁধা ছিল। বাসার ভেতরে সব এলোমেলো। একতলা বাসার ওই ছাদের দরজার লক ভাঙা দেখা গেছে।

শাকচর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মেহেদি হাসান ফারুক বলেন, মরদেহগুলো পচে গেছে। ঘরের ভেতর সব এলোমেলো অবস্থায় ছিল।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, দুজনের মরদেহ আমরা দেখেছি। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore