Thursday 19 November, 2026

For Advertisement

একই স্থানে আ.লীগ- বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি

28 August, 2022 11:12:35

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে রোববার সকালে কক্সবাজারের পেকুয়া বাজার ও চৌমুহনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মিছিল সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কক্সবাজারের পেকুয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা বলেন, একই সময়ে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেকুয়া সদরের স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার ও পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারার বিষয়টি শনিবার রাত ১২ টা থেকে মাইকিং প্রচার করা হচ্ছে। এতে বলা হয়, পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পেকুয়া স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার সংলগ্ন এলাকা পর্যন্ত সকল রাজনৈতিক সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হলো।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন, ১৪৪ ধারা যাতে কেউ ভাঙতে না পারে সে জন্য পুলিশ সতর্ক আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore