Thursday 19 November, 2026

For Advertisement

যশোরে শ্বাসরোধে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

15 July, 2022 11:24:36

যশোরের অভয়নগর উপজেলায় শ্বাসরোধ করে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলাম ওরফে বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (৩২), দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)।

অভিযুক্ত জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে জহিরুল ইসলাম স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে নিয়ে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে তারা উপজেলার ভৈরব নদের নগর খেয়াঘাট পার হয়ে চাঁপাতলা গ্রামে পৌঁছান। আগে থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল। চাঁপাতলা গ্রামের বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় জহিরুল ইসলাম স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ বাগানে ফেলে রেখে তিনি বাড়িতে চলে যান। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা জানান জহিরুল।

বিকাল ৫টার দিকে জহিরুলের পরিবারের সদস্যরা যশোর সদর উপজেলার বসু্ন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। সন্ধ্যা ৬টার দিকে ফাঁড়ি থেকে পুলিশ এসে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। রাত ৮টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল।

বসু্ন্দিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভয়নগর থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে।

রাত ৮টার দিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছেন জহিরুল ইসলাম। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore