Thursday 19 November, 2026

For Advertisement

চট্টগ্রাম নগরীতে চলছে বাস

7 November, 2021 10:35:56

সারাদেশে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলেও এর অবসান হয়েছে চট্টগ্রাম মহানগরীতে। মালিক সমিতির পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে বন্দর নগরীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে অন্যান্য সময়ের তুলনায় কম বাস চলছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

ঘোষণা অনুযায়ী, চট্টগ্রামে গণপরিবহন সংশ্লিষ্ট সাতটি সংগঠনের মধ্যে পাঁচটি সংগঠনের বাস চলাচল করছে। চট্টগ্রামের অভ্যন্তরীণ ১৩টি রুটে বাসসহ গণপরিবহন চলছে।

যেসব যানবাহন চলছে তারা প্রায় সবাই বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা জানান, সর্বনিম্ন পাঁচ টাকার ভাড়া ১০ টাকা পর্যন্ত আদায় করছে পরিবহনগুলো। এনিয়ে সকালে বেশ কয়েক জায়গায় যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

তবে সারাদেশের মতো চট্টগ্রামের বাস মালিকরাও ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। রবিবার বেলা ১১টায় মন্ত্রণালয়ে ভাড়া নিয়ে যে বৈঠক হবে সে সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। ভাড়া না বাড়ালে আবারও ধর্মঘট শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শ্রমিক ও মালিক সমিতির নেতারা।

এর আগে শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানিয়েছিলেন, রবিবার সকাল ছয়টা থেকে চট্টগ্রাম নগরীতে বাস চলাচল করবে। তিনি বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল (রবিবার) সকাল থেকে আবারও চলাচল করবে।’

বেলায়েত হোসেন বলেন, ‘আমরা গাড়ি চলাচল বন্ধ করেছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে। আমরা দাবি দিয়েছিলাম জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য অথবা আমাদের গাড়ির ভাড়া বাড়ানোর জন্য। শুক্রবার শান্তিপূর্ণভাবে গাড়ি বন্ধ রেখেছি। আজকেও (শনিবার) আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। কিন্তু কিছু কিছু শ্রমিক নামধারী লোক রাস্তায় পিকিটিং করছে। শ্রমিক নাম দিয়ে তাদের সঙ্গে কিছু অবাঞ্ছিত লোক গিয়ে রাস্তায় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেবে এটা হতে পারে না। তারা বিভিন্ন মিল কারখানার গাড়িও বন্ধ করে দিচ্ছে। তারা মানুষকে বিপর্যস্ত আবস্থায় ফেলতে চাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগমীকাল সকাল থেকে গাড়ি চালাবো।’

গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়। ৬৫ টাকার জ্বালানি তেল এখন ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এবং ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে ধর্মঘট শুরু করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। মালিক ও শ্রমিক উভয় পক্ষ এই ধর্মঘটে সায় দিয়েছে। এছাড়া ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে শনিবার দুপুর থেকে লঞ্চ চলাচলও বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে সারাদেশে চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীসাধারণ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore