For Advertisement
পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউজের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরাইলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’।
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পশ্চিম তীরে ইসরাইলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউজের এ মন্তব্য এল।
তবে হোয়াইট হাউজের কর্মকর্তার বিবৃতিতে ইসরাইলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি। এমনকি বিষয়টি উল্লেখও করা হয়নি।
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।
ইসরাইলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান আটটি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে।
দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।
তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, সিদ্ধান্তগুলো ইসরাইল ও ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা থেকে আমাদের আরো দূরে সরিয়ে দিচ্ছে।
যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে ইসরাইলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে বর্ণনা করেছে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে।
স্পেন ও ইউরোপীয় ইউনিয়নও পৃথকভাবে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা বিতর্কিত এই পদক্ষেপগুলোর মধ্যে আছে হেবরন শহরে ভবন নির্মাণের অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে ইসরাইলের হাতে নেওয়া।
এছাড়া দক্ষিণ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, বেথলেহেমের কাছে রাহেলের সমাধি এবং হেব্রনের ইব্রাহিমি মসজিদের (কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস) ওপর ইসরাইলি নিয়ন্ত্রণ জোরদার করার কথা বলা হয়েছে।
ইইউ মুখপাত্র আনোয়ার এল আনোনি সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম তীরে ইসরাইলি নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এটি আরো একটি ভুল পদক্ষেপ।’
ইসরাইলি মন্ত্রী স্মোট্রিচ রোববার বলেন, এই পরিবর্তনের লক্ষ্য হল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে কবর দেওয়া।
অন্যদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নতুন করে সহিংসতার তৈরি করতে পারে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore