Wednesday 29 April, 2026

For Advertisement

ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা

10 March, 2026 2:53:17

নিরাপদ, উন্মুক্ত ও স্থিতিশীল ইন্টারনেট নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে আইক্যান৮৫ সম্মেলন। এ আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা। তথ্য প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি আয়োজন করেছে ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইনড নেইম এন্ড নাম্বার (আইক্যান) এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (নিক্সি)।

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭ থেকে ১২ মার্চ পর্যন্ত মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের তৃতীয়দিন সোমবার অনুষ্ঠিত হয় আয়োজনের উদ্বোধন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ইন্টারনেট খাতের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস কৃষনান, মহারাষ্ট্র সরকারের প্রতিনিধি রাজেশ আগারওয়াল; নিক্সির প্রধান নির্বাহী কর্মকর্তা দিভেশ ত্যাগী আইক্যানের বোর্ড চেয়ারম্যান তৃপ্তি সিনহা, আইক্যানের প্রেসিডেন্ট ও সিইও কুর্তিস লিন্ডকভিস্ত এবং আইক্যানের স্টেকহোল্ডার এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক সামিরন গুপ্তা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৬ দিনব্যাপী এই ফোরামে ২০০টিরও বেশি সেশনের মাধ্যমে ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস)-এর বিকাশ, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট গভর্ন্যান্স এবং জেনেরিক টপ-লেভেল ডোমেইন (জিটিএলডি)-এর সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আইক্যানের বোর্ড চেয়ারম্যান তৃপ্তি সিনহা বলেন, বিশ্ব ক্রমেই জটিল এবং অনেক সময় বিভক্ত হয়ে উঠছে। এ কারণে ইন্টারনেটের স্থিতিশীলতা ও অখণ্ডতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই বাস্তবতায় কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট গড়ে তোলার অঙ্গীকারে সবাইকে অবিচল থাকতে হবে। একই সঙ্গে ইন্টারনেট যেন মানবসমাজের বৈচিত্র্যকে প্রতিফলিত করে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

এদিকে কুর্তিস লিন্ডকিভিস্ত বলেন, সপ্তাহব্যাপী বৈঠক থেকে কমিউনিটির অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোতে বাস্তব অগ্রগতি অর্জনই তার প্রধান লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, মুম্বাইয়ের বৈঠক থেকে অংশীজনরা গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য নতুন গতি নিয়ে ফিরবেন। নতুন অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, নিজের দৃষ্টিভঙ্গির গুরুত্বকে ছোট করে দেখার সুযোগ নেই। অভিজ্ঞতা ও নতুন চিন্তার সমন্বয় ঘটলে আইক্যান কমিউনিটি আরও কার্যকরভাবে কাজ করতে পারে, বিশেষ করে যখন আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকা অঞ্চলগুলোর মানুষও এতে যুক্ত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৬ সালের আইক্যান কমিউনিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।এ বছর বিশেষ এ সম্মাননা পেয়েছেন আইক্যান কমিউনিটির দীর্ঘদিনের সদস্য অমৃতা চোধুরী। ইন্টারনেট গভর্ন্যান্সে উল্লেখযোগ্য অবদান এবং আইক্যান কমিউনিটিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইক্যান প্রেসিডেন্ট ও সিইও কুর্তিস তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন।

সপ্তাহজুড়ে এ সম্মেলনের বিভিন্ন সেশনে ইন্টারনেট গভর্ন্যান্সে মাল্টিস্টেকহোল্ডার মডেল-এর গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই মডেলের আওতায় আইক্যান কমিউনিটি যৌথভাবে নীতিমালা প্রণয়ন, সমাধান বাস্তবায়ন এবং একটি নিরাপদ, স্থিতিশীল ও বৈশ্বিকভাবে সমন্বিত ইন্টারনেট পরিচালনায় কাজ করছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore