Saturday 15 August, 2026

For Advertisement

গুগল ফোনের ডায়ালপ্যাডে হঠাৎ যেসব পরিবর্তন আনা হয়েছে

29 August, 2025 6:12:26

গুগল গত কয়েক বছর ধরে তাদের ফোন অ্যাপে নিয়মিত আপডেট আনছে। তবে সাম্প্রতিক সংস্করণগুলোতে এসেছে একরকম রূপান্তর যেটা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগলের নতুন ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা।

গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে এই নতুন নকশা চালিয়ে আসছিল। অবশেষে চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করা হয়েছে। তবে এই পরিবর্তন এখনও সবার কাছে একসঙ্গে পৌঁছায়নি, কারণ এটি সার্ভার-সাইড থেকে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে।

কী কী বড় পরিবর্তন আনা হয়েছে?

১. হোম পেজে নতুন বিন্যাস

আগে ফেভারিটস (প্রিয় নম্বর) ও রিসেন্টস (সাম্প্রতিক কল) আলাদা আলাদা পৃষ্ঠায় থাকত। এখন সেগুলো একত্রিত করে নতুন ‘হোম’ ট্যাবে আনা হয়েছে। হোম পেজের শীর্ষে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ নম্বরগুলো, যা একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে সাজানো হয়েছে। ফলে এক স্পর্শেই প্রিয় কন্টাক্টের মধ্যে সহজে সুইচ করতে পারবেন। নিচে থাকবে কলের তালিকা, যেখানে প্রতিটি কল আলাদা কার্ডের মতো প্রদর্শিত হবে, যা দেখতে আকর্ষণীয় ও খুঁজে পাওয়াও সহজ।

২. ডায়ালপ্যাডের নতুন সাজসজ্জা

ফ্লোটিং কল বাটন আর থাকবে না। ডায়াল করার কীপ্যাড সরাসরি অ্যাপের মধ্যবর্তী পাতায় থাকবে, যা গোলাকার ও আধুনিক আকারে তৈরি হয়েছে। নাম্বার ইনপুট প্যানেলকে আরও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে। ভয়েসমেইল সেকশনে তালিকা বিন্যাসে নতুন ছোঁয়া এসেছে, যদিও বড় পরিবর্তন হয়নি।

৩. কন্টাক্ট খোঁজার নতুন পদ্ধতি

আগে কন্টাক্টস-এর জন্য আলাদা ট্যাব থাকলেও এখন তা সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনু আকারে আনা হয়েছে। এই ড্রয়ার থেকে সহজেই সেটিংস, কল হিস্টরি মুছার অপশন, সহায়তা ও ফিডব্যাক এবং কন্টাক্ট তালিকায় পৌঁছানো যাবে, ফলে নেভিগেশন আরও দ্রুত ও সহজ হয়েছে।

৪. ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার

কল এলে এখন দুই ধরনের নতুন পদ্ধতি থেকে বেছে নেওয়া যাবে:

আড়াআড়ি সোয়াইপ: ডানে সোয়াইপ করে কল রিসিভ, বামে সোয়াইপ করে বাতিল করা যাবে।

এক ট্যাপেই গ্রহণ বা বাতিল: সেটিংস থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে।

এটি পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কাটা বা রিসিভ হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দিয়েছে।

৫. কল চলাকালীন স্ক্রিনে উন্নতি

কল চলাকালীন ব্যবহৃত বাটনগুলো এখন বড়, ডিম্বাকৃতি (পিল শেপ) এবং স্পর্শ করলে গোলাকার আয়তক্ষেত্রে রূপান্তরিত হয়। কল কেটে দেওয়ার বাটনটি আগের চেয়ে অনেক বড় ও চোখে পড়ার মতো করা হয়েছে।

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

যদিও নতুন ডিজাইন অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে, কিছু ব্যবহারকারী দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে অসুবিধা প্রকাশ করেছেন। এছাড়াও, কন্টাক্টস অপশন ট্যাব থেকে ড্রয়ারে স্থানান্তরকে কিছু ব্যবহারকারী অসুবিধাজনক মনে করছেন। পাশাপাশি, গুগল ডিফল্টভাবে ডার্ক থিমকেই অগ্রাধিকার দেওয়ায় অনেকেই হালকা বা উজ্জ্বল থিমের চাহিদা জানিয়েছেন।

কেন এই পরিবর্তন আনা হয়েছে?

নতুন ডিজাইন ভাষা প্রয়োগ: গুগল তাদের নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ব্যবহার করছে, যা অ্যান্ড্রয়েড-১৬ ও অন্যান্য প্ল্যাটফর্মে ধাপে ধাপে যোগ করা হচ্ছে। এর মাধ্যমে ইউজার ইন্টারফেসকে আরও রঙিন, প্রাণবন্ত এবং ব্যক্তিগতকৃত করা হচ্ছে।

ব্যবহারকারীর মতামত: গুগল লক্ষ্য করেছে যে অনেক সময় ব্যবহারকারীরা পকেট থেকে ফোন বের করার সময় ভুলবশত কল রিসিভ বা কেটে দেন। তাই এই সোয়াইপ করার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে যাতে ভুল-আনসার কম হয়।

সহজ ও পরিষ্কার ব্যবহার: নতুন ডিজাইনটি কল লগ, নেভিগেশন ও বাটন গঠনকে সহজ ও ব্যবহারবান্ধব করে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে কল করতে পারেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore