Saturday 15 August, 2026

For Advertisement

বাংলা ভাষার প্রসারে ডিজিটাল লাইব্রেরি হবে: পলক

18 February, 2022 5:21:54

গ্রাম-গঞ্জে বসেই লাখ লাখ বই সাবসক্রাইব করতে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করতে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পিচসহ ১৫টি টোল তৈরি করা হচ্ছে। সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজড করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে যেখানে মানুষ লাখ লাখ বই গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে।

দেশের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার এসব তথ্য জানান পলক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার বিকল্প নেই। বই মানুষের কল্পনাশক্তি বৃদ্ধি এবং সৃজনশীল হতে সহায়তা করে।

ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আামাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।

প্রতিমন্ত্রী বলেন, ৫২’র ভাষা আন্দোলনে ভাষা শহীদেরা বিশ্ব দরবারে বাংলাদেশকে ভাষার মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ১১ মার্চ ছাত্র অবস্থায় , ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতিত্ব করে বাংলা ভাষার আন্দোলন শুরু করেন এবং গ্রেপ্তার হন।

পরে প্রতিমন্ত্রী ভাষা ও সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ মোবাইল অ্যাপের উদ্বোধন করেন।

বইচিত্র বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিভিন্ন বিষয় ভিত্তিক বই। কেবল টেক্সট ফরম্যাটে নয়, এই আর্কাইভে থাকছে অডিও-বুক। সেইসঙ্গে সাহিত্য বিষয়ে যেসব চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সকল চলচ্চিত্র এই আর্কাইভে আছে। পাশাপাশি থাকছে সাহিত্য বিষয়ক আলোচনা এবং ব্লগিং। এছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বইভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিঙ্কও থাকছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore