Wednesday 18 November, 2026

For Advertisement

বাংলাদেশ-ভারতের স্টার্টআপ ল্যান্ডস্কেপ বিষয়ে ওয়েবিনার সিরিজ উদ্বোধন

26 July, 2021 9:46:49

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী ‘শত বর্ষ শত আশা- রাইজ আপ’ শীর্ষক ওয়েবিনার সিরিজের উদ্বোধন করেছেন।

স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ও স্টার্টআপ ইন্ডিয়ার অংশীদারিত্বে ভারত ও বাংলাদেশের স্টার্টআপ ল্যান্ডস্কেপ বিষয়ে ছয় পর্বের ওয়েবিনার সিরিজটি উদ্বোধন করা হয় আজ সোমবার।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস টিনা জাবীনের পরিচালনায় অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ খাতের মধ্যকার সম্প্রসারিত সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী হবে।

হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাইজ আপ প্ল্যাটফর্মটি ভারত এবং বাংলাদেশ থেকে পরামর্শদাতা, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একত্রিত করবে। তিনি এই প্ল্যাটফর্মটি কার্যকর পারস্পরিক শিক্ষণের সুযোগ সৃষ্টি করবে যা উভয় দেশের মেধাবী উদ্যোক্তাদের উপকৃত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, হাই কমিশনার ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে ৫০ জন বাংলাদেশি উদ্যোক্তাকে ভারত পরিদর্শন করার জন্য এবং ভারতের স্টার্ট আপ ও উদ্ভাবনী বাস্তুতন্ত্রের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন। হাইকমিশনার জোর দিয়েছিলেন যে রাইজআপ সিরিজটি এই ধরনের সংযোগকে বাস্তব সহযোগিতায় পরিণত করতে সহায়তা করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, ‘বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ ল্যান্ডস্কেপ- টেক স্টার্টআপস ট্রান্সফর্মিং দ্য ফিউচার’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশের স্টার্টআপ ক্ষেত্রে কর্মরত বিশিষ্ট প্যানেলিস্টরা এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। মোহালির ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের (আইএসবি) স্টার্টআপ ইনকিউবেশন অ্যান্ড এক্সিলারেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা যামিনী ভূষণ পাণ্ডে এবং ভারতের আইএসপিআরটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং জাতীয় স্টার্টআপ উপদেষ্টা কাউন্সিলের সদস্য শরদ শর্মার সাথে যোগ দেন চালডালের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়াসিম আলীম এবং অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রধান নির্বাহী রাহাত আহমেদ। আলোচনার সঞ্চালনা করেন লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিজন ইসলাম।

স্টার্টআপের নিয়ন্ত্রক পরিবেশ, সফল স্টার্টআপ তৈরির বাধা অতিক্রম করা, তহবিল সংগ্রহের কৌশল, স্টার্টআপকে আন্তর্জাতিকে যাওয়ার কৌশল এবং বাংলাদেশ ও ভারতে স্টার্টআপের সম্ভাবনা অনুসন্ধানের বিষয়ে আরও আলোচনা হবে এতে। শত বর্ষ শত আশা- রাইজ আপ ওয়েবিনার সিরিজটিতে সহযোগিতা করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্টার্টআপ কনসোর্টিয়াম এবং বিডি এয়ার।

ছয় পর্বের ওয়েবিনার সিরিজটি যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় হাই কমিশন, ঢাকা; স্টার্টআপ বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার এবং স্টার্টআপ ইন্ডিয়া।

kalerkantho

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore