Tuesday 21 July, 2026

For Advertisement

২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!

20 July, 2026 5:25:14

দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মাঠের পারফরম্যান্স, কৌশল আর ধারাবাহিকতার জোরেই তারা ট্রফি জিতেছে। তবে শিরোপা জয়ের পর আলোচনায় উঠে এসেছে আরেকটি ভিন্ন বিষয়, ২০১০ সালের প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গে ২০২৬ সালের অবিশ্বাস্য কিছু মিল।

ফুটবলে কুসংস্কারের ঘটনা নতুন নয়। সমর্থক, খেলোয়াড়, এমনকি কোচদের মধ্যেও নানা ধরনের বিশ্বাস কাজ করে। স্পেনের এবারের বিশ্বকাপজয়েও এমন কিছু ঘটনা মিলেছে, যা অনেকের কাছেই যেন ইতিহাসের পুনরাবৃত্তি।

১. আবারও ‘গ্রুপ এইচ’ থেকে যাত্রা

২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল ‘গ্রুপ এইচ’ থেকে খেলেই। ২০২৬ বিশ্বকাপেও ড্রয়ের পর স্পেনকে রাখা হয় একই গ্রুপে—গ্রুপ এইচ। প্রথম বিশ্বজয়ের পথ যে গ্রুপ থেকে শুরু হয়েছিল, দ্বিতীয় শিরোপার যাত্রাও শুরু হয়েছে সেখান থেকেই।

২. উদ্বোধনী ম্যাচে একই দুই দল, একই দিন
২০১০ সালের বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন। উদ্বোধনী ম্যাচে খেলেছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপও শুরু হয়েছে ১১ জুন। এবারও উদ্বোধনী ম্যাচে ছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। শুধু স্বাগতিক ও সফরকারী দলের অবস্থান বদলেছে, প্রতিপক্ষ ও তারিখ একই থেকেছে।

৩. রিয়াল মাদ্রিদে জোসে মোরিনিও
২০১০ সালে বিশ্বকাপের বছরেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন জোসে মোরিনিও। ২০২৬ সালেও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন পর্তুগিজ এই কোচ। সময়ের ব্যবধান ১৬ বছর হলেও ঘটনাটি আলোচনায় জায়গা করে নিয়েছে।

৪. ইউরোপের চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ জয়
২০১০ বিশ্বকাপের আগে স্পেন ছিল ২০০৮ ইউরো চ্যাম্পিয়ন। এবারও একই দৃশ্য। ২০২৪ ইউরো জয়ের পর বিশ্বকাপে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল। দুই ক্ষেত্রেই ইউরোপের সেরা হয়েই বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে স্প্যানিশরা।

৫. শেষ ষোলোতে আবারও পর্তুগাল
২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেন ১-০ গোলে হারিয়েছিল পর্তুগালকে। ২০২৬ সালেও শেষ ষোলোতে প্রতিপক্ষ ছিল একই দল। ফলও একই, ১-০ ব্যবধানে স্পেনের জয়।

৬. বার্সেলোনা ওপর নির্ভরতা
২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলে বার্সেলোনার আটজন ফুটবলার ছিলেন। ২০২৬ সালের বিশ্বকাপ স্কোয়াডেও বার্সেলোনার আটজন খেলোয়াড় জায়গা পেয়েছেন- জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। দুই যুগেই জাতীয় দলের মেরুদণ্ড গড়ে উঠেছে বার্সেলোনার ফুটবলারদের ঘিরে।

৭. শাকিরার উপস্থিতি
২০১০ বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’। ২০২৬ বিশ্বকাপেও উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেছেন শাকিরা। দুই বিশ্বকাপেই তার উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore