For Advertisement
ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে সফরকারী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই রাকিব ও মোরছালিনের চমৎকার সমন্বয় থেকে পাওয়া গোল আগলে রেখেই ২২ বছর পর ফুটবলে ভারতের বিরুদ্ধে জয় পেল লাল-সবুজের দল।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর এই প্রথম ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
এ জয় বাংলাদেশের এবারের আসরে প্রথম। ৫ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে অবস্থান করছে বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও মোরছালিন। গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা শমিতের পাশাপাশি চোটের কারণে দলে না থাকা মোরছালিনও ফিরেছেন। তাঁদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
ম্যাচের প্রথম দশ মিনিট বাংলাদেশ রক্ষণে ব্যস্ত থাকলেও ভারত তেমন হুমকি তৈরি করতে পারেনি। তবে একাদশ মিনিটেই আসে ম্যাচের একমাত্র গোলটি। বাঁ দিক থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
২৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারিক কাজী। তাঁর বদলে মাঠে নামেন শাকিল আহাদ তপু। খানিক পরই গোলরক্ষকের ভুলে বিপদে পড়লেও হামজা চৌধুরীর হেডে ক্লিয়ারেন্সে রক্ষা পায় বাংলাদেশ।
৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষ হাতাহাতিতে রূপ নিলে উভয়কে হলুদ কার্ড দেখান রেফারি। বিরতির আগে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন হামজা, তবে তা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় ভারত। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে তপুর নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। কিছুক্ষণ পর বাংলাদেশের পেনাল্টির দাবি রেফারি বাতিল করেন, যদিও ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনে বল লাগে বলে সন্দেহ হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের এই জয়ে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ সমর্থকরা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore