Sunday 11 October, 2026

For Advertisement

নেপালে সেরাটা দিতে চান তামিম

25 September, 2021 10:53:42

তরুণদের ‘ফেয়ার’ করতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাড়িয়েছেন তামিম ইকবাল। এবার ইনজুরি কাটিয়ে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তামিম নিজের পূনর্বাসনের অংশ হিসেবে দেশের হয়ে না, খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। প্রথমবারের মত খেলতে যাওয়া আসরটিতে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেট তারকা।

গত জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলার পর আর কোনো ম্যাচ খেলেননি তামিম। ছিলেন না ঘরের মাঠে দুটি বড় টি-টোয়েন্টি সিরিজেও। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৮ সপ্তাহের বেশি সময়। এবার আবার ফিরছেন ক্রিকেটে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাঁ-হাতি এই ওপেনার। সেখানে আজ থেকে শুরু হওয়া ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাতাবেন বাংলাদেশি এই তারকা। আর ঘরের কাছে নেপাল হলেও এই প্রথম সেখানে গেলেন তামিম, তাতেই উচ্ছ্বসিত তিনি।

ক্রিকেটিং নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘নেপালে আসা নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। আগে কখনও নেপাল আসিনি। নেপাল অনেক সুন্দর দেশ। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে তাদের বিপক্ষে একবার খেলার সৌভাগ্য হয়েছিল। ইপিএলে খেলার অপেক্ষায় আছি। প্রথম ম্যাচের দিকে দৃষ্টি রাখছি। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। আমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।’

নেপালের ক্রিকেট ও কন্ডিশন সম্পর্কে কিছু না জানলেও তামিম নিজেকে ফিরে পেতে মিরপুরে শেষ কয়েকদিন টানা অনুশীলন করেছেন। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে না থাকা তামিম চোট কাটিয়ে ফিরলেও আশাবাদী নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে।

তামিম বলেন, ‘গত ২-৩ মাস ধরে চোটে ছিলাম। গত ২-৩ সপ্তাহ ধরে একটু ভালো বোধ করছি। বাংলাদেশে থাকতে স্বাচ্ছন্দ্যে অনুশীলন করেছি। আশা করছি ভালোভাবে শুরু করতে পারব। মাঠে নামলে কী হবে অনুমান করা কঠিন- তবে আমার সেরাটা দিব।’

ইপিএলে পোখারা রাইনোসের বিপক্ষে ২৬ সেপ্টেম্বর তামিমদের প্রথম ম্যাচ। ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। আজ ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ অক্টোবর।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore