হরমুজে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন

25 November 2026, 5:37:42

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান অচলাবস্থার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। গত ১০ দিনে সেখানে অন্তত ৪০টি সামরিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথ’ দিয়ে চলাচল করছিল। এ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রতিটি জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ ১০ দিনেই ঘটেছে অন্তত ৪০টি।

এই উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহকে জিম্মি করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কোনো পক্ষই এখনই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ফলে অবরোধের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রেখে চাপ প্রয়োগের কৌশল নিয়েছে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের চাপের জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।