বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এ তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি।
তালিকায় শাহরুখের পেছনে রয়েছেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা। তাঁদের মধ্যে আছেন জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোন। চার দশকের বেশি সময় ধরে বড় পর্দায় কাজ এবং দর্শকপ্রিয়তার কারণে এই স্বীকৃতি পেয়েছেন শাহরুখ।
শাহরুখ খানের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে তার অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটিকে বেছে নিয়েছে ভ্যারাইটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের।
শাহরুখের অভিনয়শৈলী নিয়ে মন্তব্য করতে গিয়ে সাময়িকীটি তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা এবং নিজের রসবোধ সম্পর্কে সচেতন বুদ্ধিমত্তার প্রশংসা করেছে। পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে তারকাখ্যাতির বিভিন্ন পর্যায়ে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতার বিষয়টিও তুলে ধরেছে।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচিতি পান শাহরুখ। পরবর্তী সময়ে রোমান্টিক নায়ক হিসেবে হিন্দি সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁর ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এরপর কমেডি ও ভিন্নধর্মী চরিত্রের পাশাপাশি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন সিনেমায়ও অভিনয় করেন। ৯০টির বেশি সিনেমায় কাজ করা এই অভিনেতার ঝুলিতে রয়েছে নানা ধরনের চরিত্র।
ভ্যারাইটির তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। এরপর চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন। শীর্ষ দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শৈলী ও জনপ্রিয়তার পাশাপাশি চলচ্চিত্রের ইতিহাসে তারকাদের প্রভাব এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।
এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
সূত্র: ইস্টার্ন আই
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
