পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
পাঁচ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।কমেডি শো দেখুন
একসময় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘মিরাক্কেল’। উপস্থাপক মীর আফসার আলীর বুদ্ধিদীপ্ত সঞ্চালনা, চটজলদি রসিকতা আর প্রতিযোগীদের হাস্যরসাত্মক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কৌতুকশিল্পীও পরিচিতি পেয়েছিলেন।
তবে পাঁচ বছর ধরে অনুষ্ঠানটি প্রচারিত না হওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির নতুন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এরপর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
নতুন মৌসুমে অংশ নিতে দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।কমেডি শো দেখুন
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারিতেই পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, তা নিয়ে এখনো আলোচনা চলছে।
দর্শকদের প্রত্যাশা, নতুন মৌসুমে বিচারক হিসেবে আবারও দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে। পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন পরিচিত মুখ ও মেন্টরকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই বিচারক প্যানেল চূড়ান্ত করা হবে।
দীর্ঘ বিরতির পর মীর আফসার আলীর সঞ্চালনায় ‘মিরাক্কেল’ কতটা দর্শকপ্রিয়তা ফিরে পায়, সেটিই এখন দেখার অপেক্ষা। আগামী ফেব্রুয়ারিতে নতুন মৌসুম শুরু হলে সেই উত্তর মিলবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
