উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক

21 July 2026, 5:35:25

প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে পাঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া শত শত কৃষককে হরিয়ানায় প্রবেশের মুখে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। এতে সীমান্ত এলাকায় কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তারা রাজধানীতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তোলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শম্ভু সীমান্তে ব্যারিকেড বসানোর ঘটনা ২০২৪ সালের ‘দিল্লি চলো–২’ আন্দোলনের সময়ের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। সে সময়ও কৃষকদের দিল্লিতে প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কংক্রিটের ব্লক, লোহার পেরেক ও একাধিক স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছিল।

এনডিটিভির তথ্য অনুযায়ী, পাঞ্জাব থেকে যাত্রা করা কৃষকদের বহর থামিয়ে দেওয়া হলেও হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্রসহ বিভিন্ন জেলার কৃষকেরা দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।

‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নেয়। তাদের দাবি, প্রস্তাবিত ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে এবং এ–সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

বিকেইউ শহীদ ভগৎ সিংয়ের নেতা তেজভীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরে ব্যারিকেড তৈরি করেছে। এ ঘটনায় পাঞ্জাব সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, প্রস্তাবিত চুক্তি শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি ক্রয়, মেধাস্বত্ব ও সেবাখাতসহ বিস্তৃত বিষয়ে এর প্রভাব পড়তে পারে।

কৃষক সংগঠনগুলোর আশঙ্কা, চুক্তির ফলে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার আরও উন্মুক্ত হলে দেশের লাখ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। তারা অভিযোগ করেন, চুক্তির বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং এর গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনো প্রকাশ করা হয়নি।

কৃষক নেতারা আরও বলেন, ভারতের দুগ্ধ খাত প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবারের জীবিকার সঙ্গে যুক্ত। এ খাতে নেতিবাচক প্রভাব পড়লে তার অভিঘাত পুরো গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়বে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।